শাহজাহানপুরে যুবককে কুপিয়ে হত্যা
প্রতিকি ছবি
রাজধানীর শাহজাহানপুর এলাকায় সেকান্দার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কথিত মাদক কারবারিরা।
মাদক বিক্রির বিষয় পুলিশকে জানিয়ে দেওয়ার কথা বলায় সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গারী গলি এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। নিহত সেকান্দার তিতাস উপজেলার গাজীপুর গ্রামের আব্দুর বরের ছেলে। ছয় ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম। বর্তমানে তাদের পরিবার শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় থাকলেও তিনি স্ত্রী ও তিন কন্যাসন্তানকে নিয়ে রামপুরার উলন এলাকায় বসবাস করতেন।
নিহতের ভাই আমির আলী জানান, সেকান্দার ব্যাটারিচালিত অটোরিকশার ব্যবসা করতেন এবং নিজেও চালাতেন। সোমবার রাতে তিনি দুই বন্ধুকে নিয়ে রিকশা নিয়ে যাওয়ার সময় ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি বুলেট মামুন, হান্নান, আর্টিসানসহ ৫-৬ জন তাদের ধাওয়া করে। এসময় সেকান্দার ভাঙ্গারী গলির দিকে দৌড়ে গেলে সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমির আলী আরও বলেন, ওই এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি চলে এবং মাদক কারবারিদের অত্যাচারে স্থানীয়রা অতিষ্ঠ। ঘটনার দুই-এক দিন আগে মাদক বিক্রি নিয়ে সেকান্দারের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। তখন তিনি মাদক বিক্রি বন্ধ করতে বলেন, অন্যথায় পুলিশকে জানিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। এ নিয়ে বিরোধের সৃষ্টি হলেও পরে বিষয়টি আপস-মীমাংসা করা হয়েছিল।
কিন্তু শেষ পর্যন্ত ওই মাদক কারবারিরাই তার ভাইকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।