গাইবান্ধার সাঘাটয় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ফাইল ছবি।
গাইবান্ধার সাঘাটার বোনারপাড়ায় রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রেজিনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রেজিনা বেগম জেলার ফুলছড়ি উপজেলার পূর্ব উদয়াখালী এলাকার বদু মিয়ার স্ত্রী।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে সাঘাটার পদুম শহর ইউনিয়নের কাজীবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বোনারপাড়া রেলওয়ে থানা সূত্র জানায়, সকাল ৭টার দিকে বোনারপাড়া থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি উপজেলার কাজীবাড়ি এলাকায় পৌঁছালে রোজিনা বেগম ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত রেজিনা বেগমের ছেলের স্ত্রী শাহিনুর বেগম জানান, রেজিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।