মুন্সীগঞ্জের সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ মারা গেছেন

মুন্সীগঞ্জের সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ মারা গেছেন

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন আহমেদ (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন।
 
মহিউদ্দিন আহমেদের পরিবার সূত্রে জানা যায়, আজ বুধবার সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে নিজ বাড়িতে তাঁর মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মহিউদ্দিন মহান মুক্তিযুদ্ধে জেলার অন্যতম সংগঠক ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

মহিউদ্দিন আহমেদ মালখানগর ইউনিয়ন পরিষদে পাঁচবারের চেয়ারম্যান, সিরাজদিখান উপজেলা পরিষদে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে এলাকা ছেড়ে আত্মগোপনে যান তিনি।

এর মধ্যে কয়েকটি মামলায় তাঁকে অভিযুক্ত করা হয়।