ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ফাইল ছবি
ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় কামাল শেখ (৪৫) নামক এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদি মহল্লার ধান গবেষণা ইনস্টিটিউটের সামনের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল শেখ ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্ৰামের রাজ্জাক শেখের পুত্র।
এ বিষয়ে পূর্ব সদরদী গ্রামের বাসিন্দা ও চুমুরদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জাহিদ সিকদার জানান, নিহত কামাল শেখ ভুষি মাল ও মৎস্য ব্যবসায়ের সঙ্গে যুক্ত ছিলেন। মাত্র দুইদিন আগেই তিনি তার স্ত্রীকে নিয়ে ওমরা হজ্ব পালন করে দেশে ফিরেছেন। আজ সকালে মৎস্য ব্যবসায়ের কাজে ভাঙ্গা মাছের আড়তে নিজ মোটরসাইকেল যোগে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, সকালে ভাঙ্গার ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে নিহত কামাল শেখের মোটরসাইকেলটি হাইওয়ে এক্সপ্রেসের সার্ভিস লেনের আন্ডারপাস অতিক্রম করতে গেলে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।