সাইফ বরকতুল্লাহর নতুন বই ‘সংবাদপত্রে খালেদা জিয়ার মৃত্যু’
ফাইল ছবি
অমর একুশে বইমেলায় (২০২৬) প্রকাশিত হয়েছে কথাসিাহিত্যিক ও সাংবাদিক সাইফ বরকতুল্লাহর নতুন বই ‘সংবাদপত্রে খালেদা জিয়ার মৃত্যু’। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী সেলিম হোসেন সাজু।
বইটির লেখক সাইফ বরকতুল্লাহ জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর দেশের প্রায় সব সংবাদপত্রেই গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। শুধু দেশীয় গণমাধ্যম নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়।
খালেদা জিয়ার মৃত্যু এবং দাফনকে কেন্দ্র করে দেশের সংবাদপত্রগুলো সপ্তাহব্যাপী নানা আয়োজন করে। বিভিন্ন প্রতিবেদন, বিশ্লেষণ, স্মৃতিচারণা ও সম্পাদকীয়তে তার রাজনৈতিক জীবন, অবদান এবং প্রভাব নিয়ে বিস্তৃত আলোচনা প্রকাশিত হয়। এই বইটিতে মূলত সেসব সংবাদ ও প্রকাশনাগুলোর বিষয়বস্তু, উপস্থাপনভঙ্গি এবং সামগ্রিক চিত্র বিশ্লেষণ করা হয়েছে।
সাইফ বরকতুল্লাহ বলেন, খালেদা জিয়ার মৃত্যু এবং দাফনকে ঘিরে সংবাদপত্রে প্রকাশিত খবরগুলোর ধরন, ভাষা ও উপস্থাপনা কেমন ছিল—সেসব বিষয় নিয়েই রচিত হয়েছে এই গ্রন্থ। সে অর্থে বইটি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত হতে পারে।
তিনি বলেন, পাঠক, শিক্ষার্থী, গবেষক, লেখক এবং সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে আগ্রহী মানুষের জন্য বইটি ভাবনার নতুন দিক উন্মোচন করতে পারে। বিশেষ করে যারা ভবিষ্যতে গণমাধ্যম নিয়ে গবেষণা বা লেখালেখি করতে চান, তাদের জন্য এই গ্রন্থটি সহায়ক হতে পারে।
বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় ঐতিহ্য প্রকাশনীর ৫৮১-৫৮৬ নম্বর স্টলে।