ঢাকায় নিউজিল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের প্রস্তুতি শুরু হয়েছে। সফরের নিরাপত্তা ও আয়োজন সংক্রান্ত বিষয়গুলো যাচাই করতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) একটি তিন সদস্যের প্রতিনিধি দল সম্প্রতি ঢাকায় এসেছে।
বুধবার রাজধানীতে পৌঁছে দলটি সফর-সম্পর্কিত বিভিন্ন দিক পর্যালোচনা শুরু করেছে। এটি কোনো দেশের সফরের আগে নিয়মিত ও স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।
প্রতিনিধি দলটি ম্যাচ ও অনুশীলনের ভেন্যু, খেলোয়াড়দের থাকার হোটেল, স্টেডিয়ামে যাতায়াতের রাস্তা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে এনজেডসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সফর নিয়ে।
দুই বোর্ডের প্রাথমিক আলোচনায় সফরের সূচি প্রায় চূড়ান্ত হয়েছে। নিউজিল্যান্ড দল আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে বলে জানা গেছে।
সিরিজ শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে দিয়ে। প্রথম ওয়ানডে ১৭ এপ্রিল, দ্বিতীয়টি ২০ এপ্রিল এবং তৃতীয়টি ২৩ এপ্রিল। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এরপর টি-টোয়েন্টি সিরিজ। ২ মে থেকে শুরু হওয়া এই সিরিজের ম্যাচগুলো চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে খেলা হবে।
উল্লেখ্য, নিউজিল্যান্ড সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশ সফর করেছিল। সেবার তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলা হয়েছিল। এবার অবশ্য টেস্ট ছাড়াই শুধু তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শেষ হবে।