জামালপুরের সরিষাবাড়ীতে মালিক-শ্রমিকের দফায় দফায় সংঘর্ষ, আহত ৮
সংগৃহীত ছবি
জামালপুরের সরিষাবাড়ীতে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৮টার দিকে সরিষাবাড়ী পৌর এলাকার শিমলা বাজার বাসস্ট্যান্ড ও থানা রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
আহতরা হলেন তাইয়্যবা পরিবহনের বাস মালিক তারা মিয়া (৫০), বিসমিল্লাহ পরিবহনের সাইফুল ইসলাম (৪২), পরিবহন শ্রমিক ইউসুফ আলী, শিবলু মিয়া (৪০) ও আনিছুর রহমান আনিছ (৪০), সাদ্দাম, মোতালেব হোসেন ও রঞ্জু মিয়া।
গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী থেকে চলাচলকারী দূরপাল্লার তাইয়্যবা পরিবহনের বাস মালিক তারা মিয়া স্থানীয় চালক আনিছুর রহমানকে তার বাস চালানোর দায়িত্ব দেন। নিয়মিত হিসাব না দেওয়ায় চালক আনিছকে বাস চালাতে না দেওয়ার সিদ্ধান্ত নেন মালিক।
এতে ক্ষুব্ধ হয়ে আনিছুর রহমান গত দুই দিন ধরে মদ্যপান করে মালিককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনাকে কেন্দ্র করে তারা মিয়া ও তার লোকজন বাসস্ট্যান্ড এলাকায় লাঠিসোঁটা নিয়ে রওনা দেয়। খবর পেয়ে চালক আনিছের নেতৃত্বে ২০-৩০ জন পরিবহন শ্রমিক তাদের ধাওয়া দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পরে স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনার পর থেকে বাসস্ট্যান্ড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া কালের কণ্ঠকে জানান, সংঘর্ষের ঘটনা পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সমাধান করবে বলে তাকে জানানো হয়। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।