নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে শিশুর মৃত্যু
ছবিঃ সংগৃহীত।
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের পাইপ পড়ে ইয়াছিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন আকবরনগর এলাকার বাসিন্দা রুবেল মিয়ার ছেলে। পরিবারসহ তিনি পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় মল্লিক ডাক্তারের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় মো. মিজানুর রহমানের একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ পাইলিংয়ের একটি ভারী পাইপ ছিঁড়ে গিয়ে সেখানে থাকা শিশু ইয়াছিনের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাছিনুজ্জামান জানান, নিহত শিশুর বাবা বর্তমানে নারায়ণগঞ্জের বাইরে আছেন। তিনি ফিরে এসে যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জের মর্গে রাখা হয়েছে।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ময়নাতদন্তের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।