সবার উন্নয়নে কাজ করতে চাই: এমপি খোকন তালুকদার

সবার উন্নয়নে কাজ করতে চাই: এমপি খোকন তালুকদার

সংগৃহীত ছবি

বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘আমরা সবার উন্নয়নে কাজ করতে চাই। কে কোন দল করে এসব দেখার সুযোগ নেই। জনগণের উন্নয়ন ও তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে যতটুকু করা প্রয়োজন, আমি তা করব।’

শুক্রবার ডাসার ডি. কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

এমপি আরও বলেন, ‘মাদারীপুর-৩ আসনের প্রতিটি ইউনিয়ন ঘুরে ঘুরে কোথায় কী উন্নয়ন প্রয়োজন তা তিনি সরেজমিনে দেখা হয়েছে। সেই অনুযায়ী উন্নয়ন কাজ শুরু করার জন্য ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি। আগামী জুন মাস থেকে মাদ্রাসা, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কাজ শুরু হবে।’

ডাসার উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা সালাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা নুরুজ্জামান তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক মো. আলাউদ্দিন সরদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ডাসার উপজেলা বিএনপি আয়োজিত এ ইফতার মাহফিলে মাদারীপুর-৩ আসনের পাঁচটি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষ অংশগ্রহণ করেন।