কুমিল্লায় তেলপাচার চক্রের ৫ সদস্য কারাগারে
প্রতিকি ছবি
কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় আটক পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার কুমিল্লা আদালত এ আদেশ দেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা একটি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের সময় তাদের আটক করে। এ সময় প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি একটি চক্র ডিজেল ও অকটেনসহ বিভিন্ন জ্বালানি তেল মজুত করে বিভিন্ন স্থানে পাচার করছে, এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে পাঁচজনকে আটক করা হয়। আটকরা হলেন নিহার বড়াল, রাকিব হোসেন, মো. নুর উদ্দিন, মো. ইসমাইল হোসেন ও রতন চন্দ্র দাস।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা হয়। শুক্রবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।