ফেনীতে জালনোটসহ যুবক গ্রেফতার, সরঞ্জাম উদ্ধার
সংগৃহীত ছবি
ফেনী সদর উপজেলার কাজীরবাগ এলাকায় জালনোটসহ ফারুক ভুঞা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জালনোট তৈরির সরঞ্জাম ও ১ লাখ ১৫ হাজার টাকার জালনোট জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে কাজীরবাগ এলাকায় কেনাকাটা করার সময় ফারুক ভুঞার দেওয়া টাকার নোটে সন্দেহ হয় ব্যবসায়ীদের। নোট যাচাই করে তা জাল বলে নিশ্চিত হলে স্থানীয় জনতা তাকে আটক করে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একটি কম্পিউটার দোকানে অভিযান চালায়। অভিযানে জালনোট তৈরির একটি মেশিনসহ ১ লাখ ১৫ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম জানান, খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এবং জালনোটের উৎস কোথায়, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।