কেরানীগঞ্জে ৬৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার
ফাইল ছবি।
ঢাকার কেরানীগঞ্জে ৬৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- আবু বকর সিদ্দিক পিলটন (৪০), তরিকুল ইসলাম (৩২)।
শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
তিনি বলেন, শুক্রবার মধ্যরাতে যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যন্ড এলাকায় ২ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ৬৩ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত দুই ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব পন্থায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদক ও মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।