সোনারগাঁয়ের ৪৬ মাদ্রাসা ও এতিমখানায় সৌদির খেজুর বিতরণ

সোনারগাঁয়ের ৪৬ মাদ্রাসা ও এতিমখানায় সৌদির খেজুর বিতরণ

সংগৃহীত ছবি

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব থেকে প্রেরিত উপহার হিসেবে পাওয়া খেজুর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৪৬টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এসব খেজুর সুষ্ঠুভাবে বিতরণ করেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার শিক্ষকদের হাতে খেজুর তুলে দেন, যাতে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র রমজানে খেজুর দিয়ে ইফতার করতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, পবিত্র রমজানের বরকতময় সময়ে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সৌদি আরবের এই উপহার পৌঁছে দিতে পেরে তিনি আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু প্রমুখ। উপস্থিত সবাই এতিম শিশুদের মঙ্গল কামনা করেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।