স্ত্রীকে হত্যার পর থানায় হাজির স্বামী

স্ত্রীকে হত্যার পর থানায় হাজির স্বামী

প্রতিকি ছবি

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে পারিবারিক কলহের জেরে স্বামী নিজ স্ত্রীকে হত্যা করেছে। স্ত্রীকে হত্যার পর ছোট সন্তানকে সঙ্গে নিয়ে থানায় হাজির হয়েছেন অভিযুক্ত স্বামী জহিরুল ইসলাম। নিহত নারীর নাম হালিমা আক্তার (৩০)। হালিমা আক্তার লক্ষীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর এলাকার আব্দুল মান্নানের কন্যা।

সূত্র জানায়, শনিবার ইফতারের কিছুক্ষণ আগে তাদের বাসায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। এক পর্যায়ে হালিমার স্বামী তাকে ছুরিকাঘাতে হত্যা করে। ঘটনার পর অভিযুক্ত স্বামী তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে সরাসরি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয়দের মতে, গত প্রায় এক মাস ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল।

পতেঙ্গা থানার ওসি মোস্তফা আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।