দাউদকান্দিতে মেশিনে বোরকা পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
প্রতিকী ছবি
ঈদের কেনাকাটা করতে স্বামীর সঙ্গে বাজারে এসে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (১৫ মার্চ) দুপুরে দাউদকান্দি পৌরবাজারে দুর্ঘটনাটি ঘটে। মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুর ১২টা ১৫ মিনিটে দাউদকান্দি পৌরবাজারে ঈদের কেনাকাটা শেষে হলুদ মরিচ ভাঙাতে বাজারের মনির হোসেনের দোকানে যান সাহাবুদ্দীন ও তার স্ত্রী শাহিনা আক্তার (৩৫)।
হলুদ মরিচ ভাঙানোর সময় একপর্যায়ে শাহিনা আক্তারের বোরকা পেঁচিয়ে যায় মেশিনের চেইনের সঙ্গে এবং চাকার ভেতরে ঢুকে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। নিহত শাহিনা আক্তার দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গোলাপেচর গ্রামের সাহাবুদ্দীনের স্ত্রী।
নিহতের স্বামী সাহাবুদ্দীন বলেন, ‘আমরা হলুদ ভাঙাতে দোকানে যাই। পাশেই দাঁড়িয়ে ছিল আমার স্ত্রী।
এমন সময় স্ত্রীর উফ একটি শব্দ শোনতে পাই। চোখের পলকেই এক সেকেন্ডের মধ্যে চেয়ে দেখি আমার স্ত্রীর মাথা দেহে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আমি তখন বাকরুদ্ধ হয়ে যাই।’
প্রত্যক্ষদর্শী বাজারের ব্যবসায়ী তৌফিক রুবেল বলেন, ‘আমি দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম।
হঠাৎ দোকানের একজন মহিলা পড়ে আছে দেখে সঙ্গে সঙ্গে বিদ্যুৎতের লাইন বন্ধ করি। তখন বুঝতে পারিনি মহিলার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন। বিষয়টি দেখে আমি হতবাক।’
নিহতের দেবর আতাউর রহমান বলেন, ‘বাজারে এসে হলুদ ভাঙ্গার মেশিনে পেচিয়ে ভাবি মারা যায়। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। এই ঘটনায় আমাদের পরিবারে শোকের মাতম চলছে।’
দাউদকান্দি মডেল থানার ওসি (তদন্ত) মো. সামছুল আলম প্রধান বলেন, ‘ঘটনাটি আমাদের থানা থেকে ৩০০ গজ দূরে ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং সুরতহাল সম্পন্ন করি।’