বাংলাদেশের কাছে হারলেও তরুণ দল নিয়ে গর্বিত শাহীন আফ্রিদি
ফাইল ছবি
সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হারলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি।
মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ২৯০ রান তোলে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম ১০৭ বলে ছয় চার ও সাত ছক্কায় ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া তাওহীদ হৃদয় অপরাজিত ৪৮ রান এবং লিটন দাস করেন ৪১ রান।
জবাবে পাকিস্তানের হয়ে লড়াই চালিয়ে যান সালমান আলী আঘা। তিনি ৯৮ বলে নয় চার ও চার ছক্কায় ১০৬ রান করলেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি।
ম্যাচ শেষে শাহীন শাহ আফ্রিদি বলেন, তরুণ ক্রিকেটারদের নিয়ে এই সিরিজে পাকিস্তান দল শেষ বল পর্যন্ত লড়াই করেছে এবং তাদের পারফরম্যান্সে তিনি গর্বিত। তরুণদের আরও কঠোর পরিশ্রম করার পরামর্শও দেন তিনি।
শেষদিকে আফ্রিদি নিজেও বড় শট খেলে ম্যাচে উত্তেজনা বাড়ান। তবে শেষ ওভারে দারুণ বোলিং করে পাকিস্তানের আশা শেষ করে দেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন।
এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২–১ ব্যবধানে নিজেদের করে নেয় বাংলাদেশ।