গাইবান্ধায় ১১৭ বোতল ফেয়ারডিলসহ দুই কারবারি গ্রেফতার
প্রতিকি ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে ১১৭ বোতল ফেয়ারডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার দুপুরে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া এলাকার রাশেদুল ইসলাম রাশেদ (৩০)। অন্যজন হলেন একই এলাকার মৃত আমিনুল রাজীব সরকার (৪০)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুরে র্যাব-১৩ সিপিএসসি রংপুর ও সিপিসি-৩ গাইবান্ধার যৌথ আভিযানিক দল সুন্দরগঞ্জ উপজেলার মাওলানা ভাসানী সেতু সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি মোটরসাইকেল তল্লাশি করে ১১৭ বোতল ফেয়ারডিল জব্দসহ ওই দুই কারবারিকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতার কারবারিরা দীর্ঘদিন অবৈধ মাদকদ্রব্য অভিনব উপায়ে সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।