খাল খননের মাধ্যমে কর্মসংস্থান বহুগুণ বাড়বে: পরিবেশ প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি
পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, খাল খননের ফলে কৃষকদের সেচ সুবিধা বাড়ার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্যও রক্ষা পাবে। এর মাধ্যমে কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের কর্মসংস্থানও বহুগুণ বাড়বে। দরিদ্র কৃষকরা সবজিসহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের সুযোগ পাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।
সোমবার দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতবাড়িয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে নেতৃত্ব দিয়ে একটি দরিদ্র ও সংকটাপন্ন বাংলাদেশকে কৃষি স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তাঁরই সুযোগ্য সন্তান তারেক রহমান আজ দেশের প্রধানমন্ত্রী। অনেকের হাতে ভোটের কালির দাগ শুকানোর আগেই বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, বাগেরহাট জেলার নয়টি উপজেলায় যে খালগুলো রয়েছে সেগুলো পুনরুদ্ধারের জন্য ইতোমধ্যে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব খাল পুনঃখনন করে একটি আলোকিত জনপদ গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল রশিদসহ অন্যান্যরা।