জনগণের আস্থার প্রতিদান দিচ্ছে সরকার : আমানউল্লাহ আমান

জনগণের আস্থার প্রতিদান দিচ্ছে সরকার : আমানউল্লাহ আমান

সংগৃহীত ছবি

ঢাকা-২ আসনের সংসদ সদস্য (এমপি) আমানউল্লাহ আমান বলেছেন, জনগণ যে আস্থা ও বিশ্বাস রেখে সরকারকে নির্বাচিত করেছে, সেই আস্থার প্রতিদান দিতেই সরকার কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

আজ সোমবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের গুয়াডুরি থেকে খোয়ালখালী পর্যন্ত ৪.৬১ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই একটি গণতান্ত্রিক সরকারের প্রধান দায়িত্ব। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যে আস্থা ও সমর্থন দিয়েছে, তার প্রতিদান দিতে বিএনপি ইতোমধ্যে কাজ শুরু করেছে। ভোটের কালি মুছে যাওয়ার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কার্যক্রম শুরু করেছে। সরকার জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, খাল খনন শুধু জলাবদ্ধতা নিরসনের জন্যই নয়, এটি গ্রামীণ অর্থনীতি ও সেচব্যবস্থার উন্নয়নের একটি যুগান্তকারী পদক্ষেপ। মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থার উন্নয়ন এবং বন্যা ও জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি চালু করেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন সম্পন্ন করবে সরকার। এর ফলে বাংলাদেশের চিত্রই বদলে যাবে। খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।

এই বিএনপি নেতা বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুল রহমান এবং ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান। 

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক। এছাড়া, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিসহ কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।