আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

প্রতিকি ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বসতঘরের পাশে খড়কুটোয় আগুন দিয়ে খেলার সময় জাহেদা আক্তার (১৪) ও আব্দুল মালেক (৩) নামে দুই ভাই-বোন পুড়ে মারা গেছে। রবিবার (১৫ মার্চ) বিকেলে এওচিয়া ইউনিয়নের লটমনি এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত দু’জন লক্ষীপুর জেলার মো. হাসানের সন্তান। হাসান পরিবার নিয়ে ওই এলাকার একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন। তারা সেখানে অস্থায়ী বসতঘরে থাকতেন।

জানা গেছে, ওই ইটভাটার শ্রমিকদের জন্য নির্মিত ঘরটি পলিথিনে মোড়ানো ছিলো। মা-বাবা কাজে যাওয়ার পর জাহেদা ও মালেক খেলার ছলে বসতঘরের পাশের কিছু খড়কুটোয় আগুন দিয়ে কক্ষে ঢুকে যায়। কিছুক্ষণ পরে ওই আগুনই পলিথিনে মোড়ানো ঝুপড়ি ঘরে ছড়িয়ে পড়লে ভাইবোন অগ্নিদ্বগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

সাতকানিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা সিরাজ কুতুবী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিভিয়ে ওই দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।