মানিকগঞ্জে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মানিকগঞ্জে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

ছবিঃ সংগৃহীত।

মানিকগঞ্জের শিবালয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ সোহেল রানা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমার (১৬ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সোহেল উপজেলার জাফগঞ্জ এলাকার মৃত ফরিদ শেখের ছেলে। এ ঘটনায় মাদক চালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো তিনজনকে আসামি করে থানায় মামলা করেছে পুলিশ।

অভিযুক্তরা হলেন, ওই এলাকার বাসিন্দা সোহাগ হোসেন, তার স্ত্রী শান্তা বেগম এবং আলাউদ্দিন। 

মামলা ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে উপজেলার জাফরগঞ্জ এলাকার সাবেক পুলিশ সদস্য শহিদুল শেখের ছেলে পুলিশ থেকে চাকরিচ্যুত কনস্টেবল সোহাগ মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। তার স্ত্রী শান্তা বেগম সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে বিপুল পরিমাণ গাঁজা কিনে জাফরগঞ্জের সোহেল রানার বাড়িতে রাখেন। সেখান থেকে বিভিন্ন জায়গায় চালানের পরিকল্পনা ছিল তাদের।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।

এসময় আটকের পর জিজ্ঞাসাবাদে সোহেল তার রান্না ঘরে গাঁজা রাখা আছে বলে জানান। পরে রান্না ঘরে থাকা একটি স্টিলের বক্সের ভেতর থেকে বিশেষ ভাবে মোড়ানো অবস্থায় ৯টি প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজার মূল্য আট লাখ টাকা।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানবেন্দ্র বালো কালের কণ্ঠকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জাফরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ সোহেল নামের একজনকে আটক করা হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে সোহেলসহ চারজনকে আসামি করে একটি মামলা করেছে। এ মামলায় সোহেলকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার মূল হোতা সোহাগ ও তার স্ত্রী শান্তা বেগম এবং আলাউদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’