ঈদযাত্রা শুরু: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহন

ঈদযাত্রা শুরু: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে যানবাহন

সংগৃহীত ছবি

ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের মানুষের বাড়ি ফেরা শুরু হয়েছে। সরকারি শেষ কর্মদিবস শেষে ঢাকা ছাড়তে শুরু করায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়ছে। তবে এখন পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার দুপুরের পর থেকেই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহনের সংখ্যা বাড়তে দেখা গেছে।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দুপুর ২টার পর থেকে সড়কে গাড়ির চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সন্ধ্যা ও আগামীকাল ভোরের দিকে যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে বাড়তি নজরদারি জোরদার করা হয়েছে। 

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহামুদুল হক জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখতে দুইটি মোবাইল টিম ও চারটি পেট্রোল টিমসহ মোট ছয়টি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে নিয়মিত টহল ও ট্র্যাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। যানজট এড়াতে চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোরও আহ্বান জানান তিনি।