ঈদকে ঘিরে রংপুর নগরীতে তীব্র যানজট, নাকাল নগরবাসী

ঈদকে ঘিরে রংপুর নগরীতে তীব্র যানজট, নাকাল নগরবাসী

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে রংপুর নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরীর প্রধান সড়কগুলোতে দীর্ঘ সময় যানজট লেগে থাকায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

নগরীর প্রেসক্লাব চত্বর থেকে টাউন হলের সামনে পর্যন্ত প্রায় ৬০০–৭০০ গজ রাস্তা পার হতে কখনও কখনও আধা ঘণ্টারও বেশি সময় লাগছে বলে জানিয়েছেন পথচারী ও চালকেরা।

সূত্র জানায়, রংপুর সিটি করপোরেশন নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশার লাইসেন্স দিয়েছে প্রায় ৮ হাজার। এর মধ্যে অটোরিকশা ৫ হাজার এবং রিকশা ৩ হাজার। তবে বাস্তবে নগরীতে ৩০ হাজারের বেশি অটোরিকশা ও রিকশা চলাচল করছে। পাশাপাশি আশপাশের জেলা ও উপজেলা থেকে প্রতিদিন শত শত অটোরিকশা নগরীতে প্রবেশ করায় যানজট আরও তীব্র হয়ে উঠছে।

যানজট নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে দুই শিফটে অনুমোদিত ১০১ জন সদস্য কাজ করছেন। তবে কার্যকরভাবে যানজট নিয়ন্ত্রণে অন্তত ৩০০ জন ট্রাফিক সদস্য প্রয়োজন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জনবল সংকটকে যানজটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে ঈদ উপলক্ষে সড়কে চলাচলকারী অনেকেই ট্রাফিক নিয়ম মানছেন না । যত্রতত্র গাড়ি পার্কিং, উল্টো পথে গাড়ি চালানো, সিগন্যাল অমান্য করা, ফুটপাত ও সড়কের পাশে হকারদের দখল এবং বিভিন্ন শপিং মলের সামনে গাড়ি পার্কিং করার কারণে যানজট নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক–দক্ষিণ) মো. সফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, অফিসে আসেন, কথা বলব। 

জনবল সংকট রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবেও তিনি একই কথা বলেন।