চমেক হাসপাতালে নতুন ৪ ডায়ালাইসিস মেশিন

চমেক হাসপাতালে নতুন ৪ ডায়ালাইসিস মেশিন

সংগৃহীত ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কিডনি বিভাগে যোগ হলো আরও চারটি ডায়ালাইসিস মেশিন। সোমবার সকালে হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে মেশিন আনুষ্ঠানিকভাবে চমেক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। হাসপাতালে চিকিৎসাধীন কিডনি রোগীদের সেবার পরিধি বাড়াতে শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম চারটি নতুন ডায়ালাইসিস মেশিন প্রদান করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন আহমেদ, কিডনি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ ডা. নুরুল হুদা প্রমুখ।  

চমেক হাসপাতালের কিডনি বিভাগে ১৭টি ডায়ালাইসিস মেশিন ও ৪০টি শয্যা আছে। তবে ওয়ার্ডে প্রতিনিয়তই রোগী ভর্তি থাকে ৭০-৮০ জন।    

চসিক মেয়র বলেন, কিডনি রোগে আক্রান্ত অনেক রোগী নিয়মিত ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল। কিন্তু প্রয়োজনের তুলনায় ডায়ালাইসিস মেশিন কম থাকায়  রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কেএসআরএম এর এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিক ও প্রশংসনীয়। এর মাধ্যমে অসংখ্য অসহায় রোগী উপকৃত হবেন।

তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা (ঈঝজ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অন্যান্য স্বচ্ছল শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও কেএসআরএম এর মত এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাই।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন আহমেদ বলেন, কেএসআরএম এর এই সময়োপযোগী সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। নতুন এই চারটি ডায়ালাইসিস মেশিন সংযোজনের ফলে প্রতিদিন আরও বেশি সংখ্যক রোগীকে দ্রুত সেবা দেওয়া সম্ভব হবে, যা ডায়ালাইসিস ইউনিটের ওপর বাড়তি চাপ কমাতে সাহায্য করবে।

 বিডি প্রতিদিন/এএম