ইউজিসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ
অধ্যাপক মামুন আহমেদ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মামুন আহমেদ, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ইউজিসির নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক মামুন আহমেদ। ইউজিসি চেয়ারম্যান পদে তিনি অধ্যাপক এস এম এ ফায়েজের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মামুন আহমেদ ১৯৬৭ সালের ১ জানুয়ারি পূর্ব পাকিস্তানের লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের জগতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি যথাক্রমে ১৯৮৯ এবং ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৬ সালে নিহন ইউনিভার্সিটিতে মলিকুলার ভাইরোলজিতে পিএইচডি সম্পন্ন করেন।
মামুন আহমেদ ১৯৯৬ সালের ২৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯৭ সালের ২৪ অক্টোবর তিনি সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ১ ডিসেম্বর ১৯৯৭ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল ফেলো ছিলেন এবং পরে একই বিশ্ববিদ্যালয়ের একজন গবেষণা সহযোগী অধ্যাপক হিসাবে কাজ করেছিলেন।
২০০৪ সালে মামুন আহমেদ সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।
২০০৮ সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন মামুন আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে তিন মেয়াদে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের মে মাসে, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে নির্বাচিত হন।