ভাঙ্গায় নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর ভেসে উঠলো শিক্ষার্থীর মরদেহ

ভাঙ্গায় নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর ভেসে উঠলো শিক্ষার্থীর মরদেহ

প্রতিকি ছবি

ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর ভেসে উঠে শিক্ষার্থী ইসমাইল মুন্সী (১৭)-এর মরদেহ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তার ভাসমান মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। 

 

নিখোঁজ ইসমাইল দুয়াইর গ্রামের আসাদ মুন্সীর ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী জানায়, গত রবিবার দুপুর ২টার দিকে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দুয়াইর গ্রামের দরগাহ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে গিয়ে ইসমাইল মুন্সী (১৭) নামক এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়। 

ইসমাইল ডুবে যাওয়ার পর এলাকাবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর রবিবার বিকালে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে ফরিদপুর থেকে ডুবুরি দল এসে রবিবার বিকাল সাড়ে ৫টার দিক থেকে উদ্ধার কাজে অংশগ্রহণ করেন। তারা দীর্ঘ পাঁচ ঘণ্টা চেষ্টা করে ব্যর্থ হয়।

নাছিরাবাদ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য আব্দুল হক হাওলাদার বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে চর দুয়াইর গ্রামের আমিনুর মাতুব্বর নামক এক ব্যক্তি দরগা বাজারের কাছেই নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। এ সময় তিনি একটি মরদেহ নদীতে ভাসতে দেখেন। এরপর তার চিৎকারে বাজারের কিছু লোক এগিয়ে গিয়ে দেখেন ইসমাইল মুন্সীর মরদেহ পানিতে ভাসছে। তারপর তারা মরদেহটি উদ্ধার করেন।