ভাঙ্গায় কৃষিজমি থেকে মাটি কাটার অভিযোগে জরিমানা
ফাইল ছবি
ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে কৃষিজমি থেকে ভেকু মেশিন ব্যবহার করে মাটি উত্তোলন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার এবং ফসলি জমির ক্ষতি ও উর্বরতা নষ্ট করার অপরাধে কাজী বজলু রহমান নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডিত ব্যক্তি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আটরশি গ্রামের কাজী আব্দুল হাকিমের ছেলে।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের বিচারক সাদরুল আলম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের প্রাণপুর গ্রামে অবৈধভাবে কৃষিজমি থেকে ভেকু মেশিন ব্যবহার করে মাটি উত্তোলন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার এবং এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট ও পার্শ্ববর্তী ফসলি জমির ক্ষতি ও উর্বরতা নষ্ট করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে কাজী বজলু রহমান কে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদরুল আলম জানান, অভিযুক্ত ব্যক্তি সরকারি বিধি লঙ্ঘন করে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার এবং এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট ও পার্শ্ববর্তী ফসলি জমির ক্ষতি ও উর্বরতা নষ্ট করায় তাঁর বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় ও অপরাধী অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। এসময় ভাঙ্গা থানা পুলিশের একটি টিম সহযোগিতা প্রদান করেন।