ভাঙ্গায় অবৈধভাবে মাটি উত্তোলন, এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

ভাঙ্গায় অবৈধভাবে মাটি উত্তোলন, এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

সংগ্রহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অবৈধভাবে কৃষিজমি থেকে ভেকু মেশিন ব্যবহার করে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে কাজী বজলু রহমান নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের প্রাণপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাদরুল আলম।

কাজী বজলু ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামের কাজী আব্দুল হাকিমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কাজী বজলু রহমান দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে অবৈধভাবে ভেকু মেশিন ব্যবহার করে মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করছিলেন।

এ কার্যক্রমের ফলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছিল এবং আশপাশের ফসলি জমির উর্বরতা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি সরকারি বিধি লঙ্ঘন করে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করে আসছে। তার বিরুদ্ধে মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।