২১টি ইরানি ড্রোন ধ্বংস করেছে সৌদি

২১টি ইরানি ড্রোন ধ্বংস করেছে সৌদি

ছবিঃ সংগৃহীত।

রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে বড় ধরনের আকাশ হামলার চেষ্টা নস্যাৎ কররে দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী।বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ধেয়ে আসা মোট ২১টি ড্রোন এবং আল-খারজ অভিমুখী একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে আকাশপথেই ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হয়ে এই ড্রোন হামলা চলে বুধবার দুপুর পর্যন্ত।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানিয়েছেন, অভিযানের শুরুতে মঙ্গলবার দিবাগত রাতে পূর্বাঞ্চলীয় প্রদেশে পর্যায়ক্রমে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করা হয়।

প্রথম দফায় তিনটি এবং এর মাত্র এক ঘণ্টা পর আরও চারটি ড্রোন ভূপাতিত করে সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর কয়েক ঘণ্টা পর ওই একই অঞ্চলে আরও ছয়টি ড্রোন ধ্বংস করা হয়। ড্রোন হামলার পাশাপাশি আল-খারজ প্রদেশ লক্ষ্য করে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যা প্রিন্স সুলতান বিমান ঘাঁটির কাছাকাছি এলাকায় ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ ঘাঁটির পাশে পড়লেও কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার সকালেও এই হামলা অব্যাহত ছিল। সকালে পূর্বাঞ্চলীয় প্রদেশে আরও তিনটি ড্রোন এবং রিয়াদের কূটনৈতিক পাড়া লক্ষ্য করে ধেয়ে আসা একটি ড্রোন আকাশপথেই রুখে দেয় সেনাবাহিনী। সবশেষ বুধবার দুপুরে রিয়াদ অঞ্চলে দুটি এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে আরও একটি ড্রোন ধ্বংস করার মধ্য দিয়ে এই অভিযান শেষ হয়। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক এলাকা ও জানমালের সুরক্ষায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি কার্যকর রয়েছে এবং যেকোনো ধরনের উস্কানিমূলক হামলা মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত।