জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জবির নতুন উপাচার্যের শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জবির নতুন উপাচার্যের শ্রদ্ধা

সংগৃহীত ছবি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন।

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তিনি এ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উভয় নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
দেশ ও জাতির প্রতি তাদের অবদানের কথা স্মরণ করে নবনিযুক্ত উপাচার্য সাংবাদিকদের বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর পর প্রথম কোনো উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানালেন। এতে কিছুটা হলেও কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ইমরানুল হক, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ নিস্তার জাহান, ইউট্যাব জবি শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক নাছির আহমাদসহ প্রমুখ।

এ ছাড়া শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।