কলাপাড়ায় ভাড়াবাসা থেকে ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতার মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের একটি ভাড়াবাসা থেকে ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতা মো. সোহাগের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে শহরের এতিমখানা এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
সোহাগের বাড়ি গলাচিপা শহরের নতুন বাজার এলাকায়। তার বাবার নাম বারেক সরদার।
পুলিশ জানিয়েছে, স্থানীয়রা প্রথমে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে তার স্ত্রীর নাম-ঠিকানা সংগ্রহ করে খবর দেওয়া হয়। সে ঘটনাস্থলে পোঁছালে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, কয়েকদিন দিন আগে ওই ব্যক্তি মারা গেছেন।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।