ভোলায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, উদ্ধার অভিযানে বরিশাল ও খুলনার ডুবুরি দল
প্রতিকি ছবি
ভোলার মেঘনা নদীতে মৎস্য বিভাগের অভিযানে যাওয়ার সময় স্পিডবোট উল্টে গিয়ে ফখরুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে কোস্টগার্ড, ফায়ারসার্ভিস সদস্যদের সাথ বরিশাল এবং খুলনা থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালাচ্ছে। প্রায় ২০ ঘণ্টা পার হলেও নিখোঁজ পুলিশ সদস্যের সন্ধান পাওয়া যায় নি। নিখোঁজ থাকা ফখরুলেরর দেশের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ এলাকায়।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার মঙ্গল শিকদার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জেলা মৎস্য কর্মকর্তা মো: ইকবাল হোসাইন জানান, ইলিশের প্রজনন মৌসুমে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার সন্ধ্যার পর মৎস্য বিভাগ ও পুলিশ সদস্যদের নিয়ে ৭ সদস্যের একটি টিম মঙ্গল শিকদার লঞ্চঘাট থেকে একটি স্পিডবোটে নিয়ে নদীতে অভিযানে নামে। স্পিডবোটটি ছাড়ার পরপরই তীব্র স্রোতের টানে নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে দাঁড়িয়ে থাকা কর্ণফুলী-১০ লঞ্চের সাথে ধাক্কা লাগে। সাথে সাথে বোটটি উল্টে যায়। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় ৬ জনকে উদ্ধার করা হয়। তবে পুলিশ কনস্টেবল ফখরুল ইসলামকে পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে নিখোঁজ পুলিশ কনস্টেবল ফকরুল ইসলামের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
লালমোহন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম দুপুর সোয়া তিনটায় জানান, নিখাঁজ মোঃ ফখরুল ইসলামকে উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের পাশাপাশি বরিশাল এবং খুলনা থেকে ডুবুরী দল এসে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।