মাইক্রোবাস ছিনতাই করে পালাচ্ছিলেন যুবক, আটক করে পুলিশে দিল জনতা

মাইক্রোবাস ছিনতাই করে পালাচ্ছিলেন যুবক, আটক করে পুলিশে দিল জনতা

প্রতিকি ছবি

সিলেটের বিশ্বনাথে মাইক্রোবাস ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় আকাশ (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

আকাশ নেত্রকোনার মদন উপজেলার গৌরিপুর গ্রামের আবদুল হাসিমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আগুনকোনা এলাকায় বসবাস করে আসছিলেন। ছিনতাইয়ের শিকার মাইক্রোবাসটির মালিক সোনারগাঁও গ্রামের ফজলু মিয়া।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে বাইপাস সড়ক ফাঁকা ছিল। এ সময় মাইক্রোবাসটিতে নাহিদ নামের একজনকে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। বাইপাসের ছোট কালভার্টের সামনে তারা পৌঁছালে আকাশ ধারালো অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে। তাদের নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। 

তবে বেপরোয়া গাড়ি চালানো দেখে বিশ্বনাথ পৌরশহরের পুরানবাজারে পথচারীরা তাকে আটকায়। এ সময় গাড়িতে ধারালো অস্ত্র ও তার হাত-মুখ লাল দেখে তাদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করতেই গাড়ি রেখে সটকে পড়েন আকাশ। পরে ধাওয়া দিয়ে স্থানীয় কালিগঞ্জ বাজারে তাকে আটকানো হয়। পরে সেখান থেকে থানায় নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এ ঘটনায় গাড়ির মালিকের মামলায় আকাশকে গ্রেফতার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।