দেশীয় প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের 'দর্পচূর্ণ' করলো ইরান!
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের গর্বের ধন রাডার ফাঁকি দিতে পারদর্শী পঞ্চম প্রযন্মের স্টেলথ ফাইটার জেট এফ-৩৫ নিজস্ব প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করার দাবি করেছে ইরান।
অত্যাধুনিক প্রযুক্তির এ যুদ্ধবিমান কেবল যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের কাছেই রয়েছে। খবর ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজের।
যুক্তরাষ্ট্র ন্যাটো সদস্য তুরস্ক ও আরবের মিত্র দেশগুলোর সামনে এ যুদ্ধবিমানের মূলা ঝুলিয়ে হাজার হাজার কোটি ডলারের অস্ত্রচুক্তি করলেও এখন পর্যন্ত ইসরায়েল ছাড়া অন্য কাউকে এফ-৩৫ দেয়নি।
তাসনিম নিউজকে রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, ইরান দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) একটি মার্কিন সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
এক বিবৃতিতে ইরানের এলিট ফোর্স আইআরজিসি জানায়, ইরানের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এফ-৩৫ নিয়ে যুক্তরাষ্ট্রের দর্পচূর্ণ করেছে তেহরান।
একই সঙ্গে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ইরান আক্রমণ ও প্রতিরক্ষার ক্ষেত্রে তাদের কিছু সামরিক প্রযুক্তি এখনো উন্মোচন করেনি এবং এই বিষয়টি আমেরিকান ও ইসরায়েলিদের বিভ্রান্ত করেছে।
বিশ্বের উন্নত দেশগুলোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণা করে আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল যে, কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাই এফ-৩৫ যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু বানিয়ে আঘাত হানতে সক্ষম নয়। কিন্তু ইরানের এই অজানা এবং দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেখে তারা হতবাক হয়ে গেছে।
আইআরজিসি জানিয়েছে, আগামী দিনগুলোতে ইরান শত্রুদের বিরুদ্ধে তার নতুন সক্ষমতা উন্মোচন করবে এবং এই চাপিয়ে দেওয়া যুদ্ধে প্রতিটি দিন শত্রুদের শিক্ষা দেবে।
বিবৃতিতে আরও বলা হয়, এখন পর্যন্ত ২০০টিরও বেশি শত্রুপক্ষের আকাশযান—যার মধ্যে ড্রোন, ক্রুজ মিসাইল ও উন্নত যুদ্ধবিমান রয়েছে—লক্ষ্য করে ধ্বংস করা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র এই দাবি নাকচ করে দিয়েছে। দেশটি বলছে, তাদের যুদ্ধবিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একটি এফ-৩৫ যুদ্ধবিমানকে ইরানের প্রতিরক্ষাব্যবস্থা থেকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে তাতে কোনো ক্ষতি হয়নি বলে দাবি ইসরায়েলে।
নিজেদের আকাশসীমায় ইসরায়েলেরও একটি যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে ইসরায়েল বিষয়টি স্বীকার করেছে। খবর আল-জাজিরার।
শনিবার (২১ মার্চ) ইরানের আইআরজিসি জানায়, তারা ইরানের মধ্যাঞ্চলের আকাশে একটি ইসরায়েলি এফ-১৬ যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে। এটি ইসরায়েলের তৃতীয় এফ-১৬ যুদ্ধবিমান, যা গত তিন সপ্তাহে তারা ভূপাতিত করেছে।
আইআরজিসি জানায়, স্থানীয় সময় ভোর ৩টা ৪৫ মিনিটে অনুপ্রবেশকারী ওই যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়। এতে তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভূমিকা রেখেছে।