ভালভার্দের লাল কার্ডের পরও আতলেতিকোকে হারাল রিয়াল

ভালভার্দের লাল কার্ডের পরও আতলেতিকোকে হারাল রিয়াল

সংগৃহীত

রোববার স্প্যানিশ রাজধানীর উত্তপ্ত ডার্বিতে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চার পয়েন্টের মধ্যেই রইল আলভারো আরবেলোয়ার দল।

৩৩তম মিনিটে মাত্তেও রুজেরি ও গিউলিয়ানো সিমেওনের চমৎকার সমন্বয়ের মিশেলে ৬ গজের বক্সে বল পেয়ে যান আদেমোলা লুকমান। দারুণ ফিনিশে তিনিই এগিয়ে দেন আতলেতিকোকে।

৫২তম মিনিটে ডেভিড হানকো ব্রাহিম দিয়াজকে ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল। সেটি গোলে পরিণত করেন ভিনিসিয়ুস। তিন মিনিট পরেই হোসে মারিয়া হিমেনেজের ভুল থেকে সুযোগ কাজে লাগিয়ে ফেদে ভালভার্দে দলকে ২-১-এ এগিয়ে নেন।

৬৬তম মিনিটে ৩০ মিটার দূর থেকে নাহুয়েল মোলিনার আগুনে শট বার্নাবেউকে স্তব্ধ করে দেয়। কিন্তু ছয় মিনিটের মধ্যেই ভিনিসিয়ুস একক দক্ষতায় ফের এগিয়ে নেন রিয়ালকে।

শেষ দিকে ভালভার্দে আলেক্স বায়েনার উপর অবিশ্বাস্য এক চ্যালেঞ্জে লাল কার্ড দেখেন। ১০ জনের রিয়ালের বিপক্ষে হুলিয়ান আলভারেজের শট পোস্টে লাগে। কিন্তু রিয়াল শেষ পর্যন্ত ধরে রাখে। 

এই জয়ে তাদের পয়েন্ট দাঁড়াল ২৯ ম্যাচে ৬৯-তে। ওদিকে বার্সেলোনা সমান ম্যাচে ঝুলিতে পুরেছে ৭৩ পয়েন্ট।