লন্ডনে ইহুদিদের চার অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ

লন্ডনে ইহুদিদের চার অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ

ছবিঃ সংগৃহীত।

যুক্তরাজ্যের লন্ডনে ইহুদিদের একটি জরুরি অ্যাম্বুলেন্স সেবার চারটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।লন্ডন পুলিশ জানিয়েছে, এ ঘটনাকে ইহুদিবিদ্বেষী ঘৃণ্য অপরাধ হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে তারা।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে, স্থানীয় সময় রবিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় আগুনের খবর পেয়ে তারা সেখানে পৌঁছায়।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন নেভাতে সেখানে ছয়টি অগ্নিনির্বাপক ইঞ্জিন এবং প্রায় ৪০ জন কর্মী পাঠানো হয়।

আগুনে চারটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার ব্রিগেড আরও জানায়, অ্যাম্বুলেন্সগুলোতে থাকা বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশের একটি ফ্ল্যাটের জানালার কাচ ভেঙে গেছে। তবে প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ সুপার সারাহ জ্যাকসন বলেন, পুলিশ ঘটনাস্থলে জরুরি অনুসন্ধান চালাচ্ছে।তিনি বলেন, আমরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি এবং অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলো সম্পর্কেও অবগত আছি।

কর্তৃপক্ষ এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের শনাক্ত করতে স্থানীয় কমিউনিটির সহযোগিতা কামনা করেছে।