সুজানগরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত
ফাইল ছবি
পাবনার সুজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের গুলিতে চায়না খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চায়না খাতুন ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, মানিকহাট ইউনিয়নের বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিক গ্রুপ এবং হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে সোমবার সকালে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির এক পর্যায়ে নিজ বাড়ির আঙিনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চায়না খাতুন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
ইসলাম প্রামাণিক দাবি করে বলেন, রাজার নেতৃত্বে সশস্ত্র হামলায় তাদের কর্মী ও সাধারণ মানুষ হতাহত হয়েছে।
তবে অভিযুক্ত রাফিউল ইসলাম রাজা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এলাকায় ছিলেন না এবং তাকে ফাঁসাতে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে।
সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার মূল কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।