তেলের কোনো সংকট নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, তেলের কোনো সংকট নেই। পেট্রল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের কোনো সংকট নেই। এখানে অসাধু কিছু ব্যবসায়ী বিভিন্ন সময়ে একটি কৃত্তিম সংকট তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করে।
সোমবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দফতর ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ইনশাআল্লাহ আমাদের এই সরকারের আমলে এ ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে আমরা প্রশ্রয় দেব না। এছাড়াও যারা যানবাহন চালাচ্ছেন তাদের তেল নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তিনি বলেন, শহীদ ওসমান হাদির বিষয়ে আমাদের সরকার খুবই সিরিয়াস। আমরা যখন সরকারে যাইনি তার আগে থেকেই এ বিষয়ে আমরা যথাযথ গুরুত্ব দিয়েছি। এছাড়াও সকল হত্যাকাণ্ডের বিচার যাতে সঠিকভাবে হয় সে ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।
এ সময় সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী, সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন, সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজুসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।