মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জাপানের মুদ্রা ইয়েনের পতন!

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জাপানের মুদ্রা ইয়েনের পতন!

ফাইল ছবি

আবারও বড় চাপের মুখে পড়েছে জাপানি ইয়েন। ডলারের বিপরীতে এর মান ১৬০-এর কাছাকাছি পৌঁছে গেছে। বিশ্লেষকদের মতে, এই স্তর অতিক্রম করলে সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে। এরই মধ্যে বাজারে অস্থিরতা বেড়েছে এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক পরিস্থিতিও এই চাপ আরও বাড়াচ্ছে।

মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাব এবার জাপানের মুদ্রা বাজারেও পড়েছে। ধারাবাহিকভাবে কমছে ইয়েনের মান। ডলারের বিপরীতে এটি ১৫৯.৬৮ পর্যন্ত নেমে গেছে, যা প্রায় ২০ মাসের মধ্যে অন্যতম দুর্বল অবস্থান। এই হঠাৎ ওঠানামা বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলেছে এবং বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইয়েনের মান যদি এই সীমা অতিক্রম করে, তাহলে সরকারের ওপর চাপ আরও বাড়বে। সে ক্ষেত্রে মুদ্রাবাজারে সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হতে পারে তারা। 

এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। জাপান জ্বালানি আমদানির ওপর অনেকটাই নির্ভরশীল হওয়ায় তেলের দাম বাড়লে দেশটিকে বেশি ডলার ব্যয় করতে হয়, যা ইয়েনের ওপর আরও চাপ তৈরি করছে।

এ পরিস্থিতিতে জাপানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা বৈদেশিক মুদ্রাবাজারের প্রতিটি পরিবর্তন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং অতিরিক্ত অস্থিরতা দেখা দিলে তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।