শরীয়তপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
সংগৃহীত ছবি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শরীয়তপুরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শরীয়তপুর পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
প্রথমে জেলা প্রশাসক তাহসিন বেগমের নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পুলিশ সুপার রনক জাহান, জেলা পরিষদের প্রতিনিধিবৃন্দ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সর্দার একে এম নাসির উদ্দিন, বিএনপি ও অঙ্গসংগঠন, জামায়াতে ইসলামী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় জেলা প্রশাসক বলেন, মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এছাড়া বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির জেলা শাখার আহ্বায়ক আওলাদ হোসেন ছৈয়াল, স্বেচ্ছাসেবক পার্টি শরীয়তপুর সদর পৌরসভার আহ্বায়ক আলম তাজ মাদবর ও সদস্য সচিব আনোয়ার হোসেন মাদবরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।