মেহেরপুরে স্বাধীনতা দিবস উদযাপন
সংগৃহীত ছবি
শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হচ্ছে । বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির এবং মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় পুষ্পস্তবক অর্পণ করেন।
পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, সিভিল সার্জন অফিস, মেহেরপুর প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে।