বিশ্বকাপে খেলার আশা টিকে রইল ইতালির

বিশ্বকাপে খেলার আশা টিকে রইল ইতালির

সংগৃহীত

আপাতত বড় স্বস্তিতে ইতালি ফুটবল দল। ইউরোপিয়ান প্লে–অফের সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে ২–০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বেরগামোর স্তাদিও দি বেরগামো-তে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ইতালি। একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পাচ্ছিল না দলটি, যা বাড়িয়ে দেয় সমর্থকদের উদ্বেগ।

অবশেষে ৫৬ মিনিটে ডেথলক ভাঙেন সান্দ্রো তোনালি। পেনাল্টি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ২৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ময়জে কিন, যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

এই জয়ে প্লে–অফের ফাইনালে উঠে বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন আরও জোরালো করল ইতালি। আগামী ৩১ মার্চ ফাইনালে তাদের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা। সেই ম্যাচ জিতলেই ২০১৪ সালের পর আবার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে আজ্জুরিরা।

এদিকে পাথ ‘এ’র অন্য সেমিফাইনালে ওয়েলসকে টাইব্রেকারে ৪–২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বসনিয়া। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১–১ গোলে সমতা ছিল ম্যাচটি।