লাকসামে চিকিৎসাধীন অজ্ঞাত নারীর মৃত্যু

লাকসামে চিকিৎসাধীন অজ্ঞাত নারীর মৃত্যু

প্রতিকি ছবি

কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত নারীর (৪০) মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৫টায় টানা তিনদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ২৬ মার্চ দুপুরে লালমাই থানা পুলিশ অচেতন অবস্থায় ওই অজ্ঞাত নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রেখে যান। তারপর দায়িত্বরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। টানা তিনদিন চিকিৎসা দেওয়া হলেও জ্ঞান ফিরেনি। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লাকসাম উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম জানান, পুলিশ সদস্যরা অজ্ঞান অবস্থায় ওই নারীকে জরুরি বিভাগে রেখে যায়। আমরা তাকে সুস্থ করার চেষ্টা করেছি। ধারণা করা হচ্ছে বিষক্রিয়ার কারণে তিনি মৃত্যুবরণ করতে পারেন।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, উপজেলার পেরুল দক্ষিণ এলাকায় রাস্তায় অচেতন অবস্থায় ওই নারীকে তাৎক্ষণিক উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলেও তিনি জানান।