বাসে দমবন্ধ হয়ে ৫৫ ছাগলের মৃত্যু, দুইজনকে জরিমানা
ফাইল ছবি
যাত্রীবাহী বাসের বক্সে গাদাগাদি করে পরিবহনের সময় দমবন্ধ হয়ে ৫৫টি ছাগলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছাগলের প্রতি নিষ্ঠুর আচরণের দায়ে বাসের সুপারভাইজার ও এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাস সুপারভাইজার আবুল হাশেম ও ছাগল ব্যবসায়ী মো. ফারুককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার রাতে লালমনিরহাট থেকে একটি যাত্রীবাহী বাসের বক্সে গাদাগাদি করে ৫৫টি ছাগল লক্ষ্মীপুরে পাঠানো হয়। এর মধ্যে ফারুকের ৪৭টি এবং নোয়াখালীর এক ব্যবসায়ীর ৮টি ছাগল ছিল। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় তীব্র গরম ও পর্যাপ্ত বাতাসের অভাবে সবগুলো ছাগল দমবন্ধ হয়ে মারা যায়।
পরে এ ঘটনায় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোপর্দ করে।
লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সোহেল রানা জানান, পর্যাপ্ত বাতাসের অভাবে গরমে দমবন্ধ হয়ে ছাগলগুলোর মৃত্যু হয়েছে। এটি প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ।
ছাগল ব্যবসায়ী মো. ফারুক দাবি করেন, এ ঘটনায় তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বাস কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের দায়ে উভয়কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৃত ছাগলগুলো মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।