গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

প্রতিকি ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশু মৃত্যুর ঘটনায় জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে জেলার সব হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে নীবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ খোলার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

গত শুক্রবার ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুকসুদপুর উপজেলার টেংরাখোলা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের তুহিন শেখ ও নাজমা বেগম দম্পতির  ১০ মাস বয়সী মেয়ে তুবা ইসলাম তোহা মারা যায়।

এ ঘটনায় জেলা সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক গোপালগঞ্জের মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল এবং সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তাদের নিয়ে সমন্বিত সভা করেছেন। সভায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের সমন্বয়ে কমিটি গঠন করে দেন।

সিভিল সার্জন সাংবাদিকদের জানান, কমিটির সদস্যরা মঙ্গলবার (৩১ মার্চ) ওই এলাকায় যাবেন। এ ব্যাপারে তারা তথ্য সংগ্রহ করবেন। এছাড়া সন্দেহভাজন রোগী থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন।

চিকিৎসকদের পাশাপাশি মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জ্বরে আক্রান্তদের পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সিভিল সার্জন।

তিনি বলেছেন, এই মুহূর্তে গোপালগঞ্জের কোনো হাসপাতালে হামে আক্রান্ত রোগী ভর্তি নেই। জ্বর নিয়ে কিছু শিশু ভর্তি আছে। তাদের মধ্যে হামের কোনো উপসর্গ নেই। গোপালগঞ্জের হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখানে হামসহ সব ধরনের রোগের ভ্যাকসিন পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানান তিনি।