গোপালগঞ্জে জ্বালানি তেল মজুদের অভিযোগে জরিমানা

গোপালগঞ্জে জ্বালানি তেল মজুদের অভিযোগে জরিমানা

ফাইল ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে অবৈধভাবে তেল মজুদ রাখার অভিযোগে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জব্দ করা ৫১০ লিটার জ্বালানি তেল কৃষকদের মাঝে বিক্রি করে দেওয়া হয়।

সোমবার (৩০ মার্চ) গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার রাজপাট বাজারে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় অভিযানের নেতৃত্ব দেন।

জরিমানা প্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন, কাশিয়ানী উপজেলার দইসারা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে ব্যবসায়ী মো. আলমগীর মোল্লা(৬০) এবং একই গ্রামের সোবাহান খানের ছেলে ব্যবসায়ী রবিউল ইসলাম(২৯)।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে ব্যবসায়ী মো. আলমগীর মোল্লা তার দোকানে জ্বালানি তেল মজুদ করে রেখেছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। পরে মজুদকৃত ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করার অভিযোগে ব্যবসায়ী মো. আলমগীর মোল্লাকে ১ লাখ টাকা জরিমানা ও আনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা জমা দিয়ে ছাড়া পান ওই ব্যবসায়ী।

অপরদিকে একই বাজারে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীনভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে ব্যবসায়ী রবিউল ইসলামকে ১০ হাজার টাকা জমিরানা করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/কামাল