গাজীপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় কারাদণ্ড

গাজীপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় কারাদণ্ড

ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার একটি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুদ করা ৩৩ হাজার ৯০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার অভিযোগে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম বাবুল (৬০) সিটি করপোরেশনের কোনাবাড়ি থানার বাইমাইল এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভুঁইয়া জানান, সোমবার রাতে জেলা প্রশাসনের উদ্যোগে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত ‘মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে’ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সালেহুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফিলিং স্টেশনটিতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়া যায়। অভিযানে সেখান থেকে অবৈধভাবে মজুত করা ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন উদ্ধার করা হয়। অভিযানে বিজিবি, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সালেহুর রহমান জানান, সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে ‘তেল সরবরাহ দেওয়া যাচ্ছে না’ লেখা নোটিশ টানানো থাকলেও প্রশাসনের কাছে গোপন তথ্য ছিল সেখানে তেল মজুদ রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। অবৈধ মজুতের দায়ে ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়েছে। উদ্ধার করা ৩৩ হাজার ৯০০ লিটার জ্বালানি তেল বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান তিনি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।