ধর্মমন্ত্রীকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

ধর্মমন্ত্রীকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

সংগৃহীত ছবি

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে ধর্মমন্ত্রীকে জড়িয়ে মন্দিরে আগুন লাগানোর অপপ্রচার করছে একটি মহল। এই অভিযোগ করেছেন মুরাদনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বী নেতারা। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে সংবাদ সম্মেলন তারা এই অভিযোগ করেন।

এ সময় বক্তব্য রাখেন পূজা উদযাপন ফ্রন্টের কুমিল্লা উত্তরের সভাপতি দুলাল দেবনাথ, মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক দীন দয়াল পাল, সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, সহসভাপতি রতন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কুমার দাস।

কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দুলাল দেবনাথ বলেন, ধর্মমন্ত্রীর বাড়ির পাশে মন্দিরে আগুন শিরোনামে কিছু ফেসবুক পেজে অপপ্রচার চালানো হয়। মূলত মুরাদনগরের ছয়বারের নির্বাচিত এমপি, বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বাড়ির পাশে একটি মন্দির রয়েছে। মন্দিরের পাশে একটি বটবৃক্ষ আছে, যেখানে আমাদের ধর্মীয় রীতি অনুসারে মানত করা হয়। মানত শেষে কেউ কেউ সেখানে কাপড় পেঁচিয়ে যায়। কিছু ফেসবুক পেজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বটবৃক্ষের মাঝে আগুন ধরিয়ে সেটি নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। সেই সঙ্গে তারা মুরাদনগর থানা ও কায়কোবাদের ছবিসহ ভিডিও বানিয়ে হিন্দু ও মুসলিমদের মাঝে একটি ভীতির পরিবেশ তৈরি করতে চেয়েছে। আমার বাড়ির পাশেই ঘটনাটি ঘটেছে, মাত্র ১০০ গজ দূরেই মন্দিরের পাশে একটি বটগাছ। এখানে কোনো প্রতিমা স্থাপন করে পূজা করা হয় না।

মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর বলেন, মন্দিরের পাশের বটবৃক্ষে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।