সেন্ট মার্টিনের আকাশে ‘মায়ানমারের’ সবুজ আলোর ড্রোন
সংগ্রহীত ছবি
মায়ানমার সীমান্তঘেঁষা সেন্ট মার্টিন দ্বীপের আকাশে অজ্ঞাত উৎসের ড্রোন উড়তে দেখা যাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। দ্বীপের বাসিন্দাদের ধারণা, সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশে এগুলো মায়ানমারের দিক থেকেই উড়ানো হতে পারে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সেন্ট মার্টিনের জেটি এলাকার পূর্ব আকাশে লাল ও সবুজ আলোযুক্ত দুটি ড্রোন প্রায় এক ঘণ্টা ধরে চক্কর দিতে দেখা যায়। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে কৌতূহলের পাশাপাশি মানুষের মাঝে আতঙ্কও তৈরি হয়।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, রাতের ওই সময়ে জেটির পূর্ব দিকে আকাশে দুটি ড্রোন দেখা গেছে। তার মতে, সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি নজরদারির অংশ হিসেবে এসব ড্রোন ব্যবহার করে থাকতে পারে। তিনি সীমান্ত নিরাপত্তা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সেন্ট মার্টিন দ্বীপের জেলে হাফেজ আহমদ বলেন, ড্রোন দেখার পর স্থানীয়রা একত্রিত হয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং পরে প্রশাসনকে অবহিত করা হয়।
অনেকের ধারণা, ড্রোনগুলো মায়ানমার সীমান্ত থেকেই এসেছে।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের ড্রোন চলাচল নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত উৎস শনাক্ত করা এবং সীমান্তে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চট্টগ্রাম পূর্ব জোন কোস্টগার্ডের মিডিয়া সেলের এক কর্মকর্তা জানান, সেন্ট মার্টিনের আকাশে হঠাৎ ড্রোন দেখা যাওয়ার বিষয়টি তাদের নজরে এসেছে।
ড্রোনগুলোর উৎস কোথায়, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।