চাঁপাইনবাবগঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

সংগ্রহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. তানভীর (২০) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে জেলার শিবগঞ্জগামী ‘দেশ ট্রাভেলস’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সদরের দিকে আসা ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

তানভীর সদরের বারঘরিয়া ইউনিয়নের জমাদারপাড়া গ্রামের মো. তরিকুলের ছেলে। ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে অবস্থান নিয়ে বাসটি ভাঙচুর করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নির্মাণাধীন সড়কে নির্মাণ শ্রমিক তানভীরের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়। চালক তানভীরকে উদ্ধার জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর বাস জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

উত্তেজিত জনতাকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা  প্রক্রিয়াধীন।